আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে উত্তর বলাখাল হাজী বাড়ি জামে মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী দিনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন, আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। হাজীগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও সেবামুখী নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন।
পরে তিনি মুসল্লিদের মাঝে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনভোগান্তি নিরসনে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতাকর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।




























