হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে তিনমাসের মধ্যে পৌর এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র পদপ্রার্থী সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। তিনি বলেন, স্থানীয় বিরোধ মিমাংসার জন্য এবং মাদক প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে মহল্লায় মহল্লায় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সমন্বয়ে পঞ্চায়েত কমিটি গঠন করা হবে।
বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে জাকির মজুমদার এমন পরিকল্পণার কথা জানান।

তিনি বলেন, মাদক নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ প্রয়োজন। এজন্য মহল্লায় মহল্লায় পঞ্চায়েত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন যুব সমাজের অংশগ্রহণ থাকবে। যারা এলাকাবাসীকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদক নির্মূলে কাজ করবে। পঞ্চায়েত কমিটি ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন বিরোধ মিমাংসায় অবদান রাখবে।
জাকির মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে তিনমাসের মধ্যে হাজীগঞ্জ পৌর এলাকা থেকে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের নির্মুল করা সম্ভব। একইসঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া অুনসরণ ও সামাজিক দায়বদ্ধতার নিরীখে মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের চিকিৎসা, পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এই মেয়র প্রার্থী বলেন, আমাদের তরুণ সমাজকে ভালো এবং সমাজকল্যাণমূলক কর্মকান্ডে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে তরুণ-যুবসমাজের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক যুব সেচ্ছাসেবক ফোরাম গঠন করা হবে। যারা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ডসহ যেকোনো প্রয়োজনে সামাজসেবামুলক কাজে আত্মনিয়োগ করতে পারে।
জাকির মজুমদার বলেন, তিনি নির্বাচিত হলে চুরি ও বিশৃঙ্খলা ঠেকাতে এবং নাগরিক নিরাপত্তায় ওয়ার্ডভিত্তি কমিনিউটি পুলিশিং সার্ভিস গঠনের উদ্যোগ নেবেন। যেখানে প্রতিটি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও পরামর্শের ভিত্তিতে এই কমিনিউটি পুলিশিং ব্যবস্থা কার্যকর থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি মাদক প্রতিরোধে সাংবাদিক, সংগঠক জাকির মজুমদার বিভিন্ন ফোরামে বক্তব্য তুলে ধরেছেন। তিনি মেয়র নির্বাচিত হলে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এছাড়া এই বিষয়ে তাকে বেশ কিছু লেখালেখি করতে দেখা গেছে।




























