চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ এলাকার লিমা আক্তার (২৩) নামে এক নারীকে স্বামীর দায়ের করা প্রতারণা মামলায় আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।
মামলার অভিযোগ ও আদালতে দাখিল করা নথি সূত্রে জানা গেছে, লিমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাদীর কষ্টার্জিত অর্থ, স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এতে মোট ২১ লাখ ২৭ হাজার টাকার হিসাব উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

লিমা আক্তারকে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ এলাকার বাসিন্দা এবং মো. আকিব হোসেনের স্ত্রী।
জানা যায় ,২০১৪ সালের ৩০ জুন আকিব হোসেনের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। পরে আকিব হোসেন কর্মসংস্থানের জন্য সৌদি আরবে চলে যান।
স্বামী আকিব অভিযোগ করে বলেন: ২০২৫ সালের ২০ মে তিনি প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা, এবং নগদ অর্থসহ মোট ২১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান। ওই অর্থের মধ্যে পরিবারের সদস্যদের চিকিৎসা, ধার ও বিদেশ যাওয়ার জন্য দেওয়া টাকাও ছিল।
স্বামী আকিব আরো বলেন,লিমা আক্তারকে বাড়িতে ফিরিয়ে আনতে একাধিকবার চেষ্টা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ২৬ মে তাঁকে আনতে গেলে তিনি স্বর্ণালংকার ও টাকা নেওয়ার কথা স্বীকার করে এক-দুই দিনের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে আসার কথা জানান।
এ ছাড়া লিমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাদী ও তাঁর পরিবারের লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এসব ঘটনায় দুটি মামলা করা হয়েছে বলেও নথিতে উল্লেখ রয়েছে।
হাজীগঞ্জ থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে লিমা আক্তারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























