অত্যন্ত উৎসবমুখর ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘সরকার মাসুদ আলম ও পেয়ারা বেগম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দুই শিফটে লিখিত পরীক্ষার মাধ্যমে এই আয়োজন শুরু হয় এবং আজ শনিবার (২১ নভেম্বর) দ্বিতীয় দিনে তিন শিফটে পরীক্ষার মধ্য দিয়ে দুই দিনে মোট পাঁচ শিফটে মেধাবৃত্তি পরীক্ষাটি সম্পন্ন হয়।

আজ শনিবার সকাল ৯টা থেকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দ্বিতীয় দিনের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এই শিফটে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। পরবর্তীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় শিফটের পরীক্ষাও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মতলব উত্তরের মোট ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০৭ জন (এক হাজার দুইশত সাত জন) শিক্ষার্থী নিবন্ধন করেছে।
সকাল থেকেই দূর-দূরান্ত থেকে অভিভাবকদের সঙ্গে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতায় পুরো কেন্দ্র প্রাঙ্গণ প্রাণবন্ত ও মুখরিত হয়ে ওঠে।
আয়োজক প্রতিষ্ঠান ‘সরকার মাসুদ আলম ও পেয়ারা বেগম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানো এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহী ও মনোযোগী করে তুলতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার এমন স্বতঃস্ফূর্ত সাড়া আয়োজকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

























