চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রশাসনে রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো প্রকার হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পেশাদার সালিসদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় থানার ওসিকে তিনি এই নির্দেশ দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সমাজের সকল বৈষম্য দূর করতে চাই। আমাদের সংঘবদ্ধ পেশীশক্তি প্রতিহত করতে হবে।
কিশোর গ্যাং, মাদক নির্মূল, বাজার নিয়ন্ত্রণ মনিটরিংসহ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে আইন অনুযায়ী কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, গ্রাম্য সালিসের নামে হয়রানি বন্ধে দরবারিদের তালিকা প্রস্তুত করতে হবে।
আগামী এক মাসের মধ্যে থানার ওসিকে এই তালিকা প্রস্তুত করতে হবে। জনগণ যাতে বিচারের নামে সালিসদের মাধ্যমে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি কাজে রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান।
মতবিনিময় সভাশেষে প্রধান অতিথি উপজেলা আইনশৃঙ্খলা সভা ও মাসিক উন্নয়ন সভায় যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, মাদক নির্মূলে পুলিশ, সাংবাদিক, আইনজীবীদের সোচ্চার হতে হবে। কোনো অবস্থাতেই মাদকের পক্ষে অবস্থান নেয়া যাবে না। তিনি বলেন, সমাজে শান্তি ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
এ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম ও বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী।
শাহরাস্তি প্রতিনধি: 





















