শাহরাস্তিতে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট’সহ দুই মাদক আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে মো. সোহাগ হোসেন ও মো. রিপন পাটওয়ারী নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারি সোহাগ হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সিরাজ খাঁন বাড়ির মৃত ফজর আলীর ছেলে ও রিপন পাটওয়ারী শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের পাটোয়ারী বাড়ী সংল্গন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন ও হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স।
এসময় পাটওয়ারী বাড়ি সংলগ্ন সুমনের দোকানের সামনে সন্দেহভাজন মাদক কারবারি সোহাগ হোসেন ও রিপন পাটওয়ারীকে তল্লাশী করা হয়। তল্লাশিকালে সোহাগের কাছ থেকে ২০ পিস ও রিপন পাটওয়ারীর কাছ থেকে ৩পিস ইয়াবা ট্যাবলেট জব্দ’সহ তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এসময় তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
নিজস্ব প্রতিনিধি: 




















