চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ছাড়া আদালতের পরোয়ানার ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পুলিশ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মতলব দক্ষিণ থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির ঘোষিত মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৫ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটে উপজেলার চরপয়ালী মিরামা এলাকায় তালুকদার বাড়ির সামনে সড়কে অভিযান চালিয়ে রিপন তালুকদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরামা তালুকদার বাড়ির বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৭, তারিখ ২৫ অক্টোবর ২০২৬।
একই দিন রাত ৭টা ২৫ মিনিটে চরপয়ালী এলাকার ভূঁইয়া বাড়ির সামনে পাকা সড়কে পৃথক অভিযান চালিয়ে মো. মনির পাঠান (৪৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি খাদেরগাঁও ইউনিয়নের পুঁটিয়া পাঠান বাড়ির বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৮, তারিখ ২৫ অক্টোবর ২০২৬।
এ ছাড়া সোমবার (২৬ অক্টোবর) সহকারী উপপরিদর্শক (এএসআই) একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নায়েরগাঁও এলাকা থেকে শুভঙ্কর চন্দ্র দাস (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তিনি নায়েরগাঁও এলাকার বাসিন্দা। সিআর-০৫/২০ নম্বর মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



























