চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাজির আহমেদের সভাপতিত্বে এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আজম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সমাজসেবক মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শ্রেণিকক্ষে। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ যদি একই লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করেন, তবে শিক্ষার গুণগত মান উন্নয়ন শুধু সম্ভবই নয়, তা হবে টেকসই ও অনুকরণীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক মো. আবুল কালাম। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি আবু ইউসুফ, অভিভাবক সদস্য মো. তাফাজ্জল হোসেন মিয়াজি, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, সমাজসেবক মাহবুবুর রহমান সেলিম, চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুর রহিম দেওয়ান, অভিভাবক সদস্য মো. সোলায়মান মোল্লা মিন্টু, সমাজসেবক মোহাম্মদ মোস্তফা কামাল, মো. সুমন মাল, সাবেক অভিভাবক সদস্য মো. নুরুন্নবী, সমাজসেবক মো. ইব্রাহিম মোল্লা (খোয়াজ), মো. রফিকুল ইসলাম, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক সমাজকল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. আবুল বাশার এবং শ্রেণিশিক্ষক মো. খায়রুল এনাম।
আলোচনা সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের নিয়ে বিদ্যালয় মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বক্তারা শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।




























