নজরুলের গান, নজরুলের সুর – সেই সুরে ভেসে হাজীগঞ্জের এক সাধারণ ছেলে আজ হয়ে উঠেছে সারা বাংলাদেশের গর্ব। তিনি আমাদের সকলের প্রিয় শামছুত তাবরীজ (সায়েম)।
জাতীয় নজরুল ইনস্টিটিউট কতৃক আয়োজিত “জাতীয় নজরুল বর্ষসেরা -কণ্ঠ প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সমগ্র বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।

তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ওড়পুর, মাজার গেইট। চট্টগ্রাম বিভাগের হয়ে তিনি এই সম্মান বয়ে এনেছেন।
এই পথটা সহজ ছিল না। প্রথমে মহানগর, তারপর থানা, তারপর জেলা, তারপর বিভাগ — প্রতিটি ধাপে প্রথম হয়ে তিনি প্রমাণ করেছেন, প্রতিভা থাকলে কোনো বাধাই বাধা নয়। দেশের আট বিভাগের সেরাদের মধ্যে জাতীয় মঞ্চে দাঁড়িয়ে তিনি জয় করেছেন সবার মন।
গত দুই থেকে তিন মাস আগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সম্মাননা সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক ডিসি মহোদয় জাহিদুল ইসলাম মিঞ্চা স্যার।
আরও আনন্দের খবর হলো, এই কৃতিত্বের জন্য আগামী বছর মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়ার পর তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
আজ শামছুত তাবরীজ (সায়েমের) এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি তার মা-বাবা। তাদের চোখে আনন্দের অশ্রু, মুখে গর্বের হাসি। খুশি তার শিক্ষকগণ, যাদের শাসন আর ভালোবাসায় সে বড় হয়েছে। খুশি তার আত্মীয়-স্বজন, খুশি তার পাড়া-প্রতিবেশী, খুশি পুরো হাজীগঞ্জবাসী শামছুত তাবরীজ (সায়েম) আবেগভরা কণ্ঠে বলেন, “আমি আজ যা কিছু হয়েছি, তা আমার মা-বাবার দোয়ায় হয়েছি। আমার শিক্ষকদের দোয়া, আমার আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরও এগিয়ে গিয়ে আমাদের হাজীগঞ্জের নাম, চাঁদপুরের নাম, বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।”
আমরা সবাই শামছুত তাবরীজ (সায়েমের) জন্য দোয়া করি, তার কণ্ঠের জাদুতে আরও অনেক দূর এগিয়ে যাক, তার সাফল্যের গল্প ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।
























