চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয় প্রধান শিক্ষকের কক্ষে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

সভায় কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক নবঘোষিত এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম কোতোয়ালি ইউনিট থানার যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মো. আবুল বাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও মনোযোগী হয়ে পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে সহযোগিতার জন্য চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আক্তার হোসেনের অবদান তুলে ধরেন নবঘোষিত সভাপতি। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্কুলের সহকারী শিক্ষক মোরশেদ আলমের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিস সহকারী মোঃ মহিনউদ্দিন।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলী, শিক্ষক প্রতিনিধি আবু হানিফ ভুঁইয়া, অভিভাবক সদস্য ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন, টামটা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, শাহারাস্তি উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি রতন বেপারী সেলিম, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, ইউপি সদস্য আনোয়ার হোসেন ও আবুল হোসেন প্রমূখ।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


















